৪জি নেটওয়ার্কে যুক্ত দেশের ৯৮ শতাংশ এলাকা : মোস্তাফা জব্বার
দেশের শতকরা ৯৮ ভাগ এলাকা ফোরজি মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এখন গ্রাম থেকে প্রতিটি গৃহে উচ্চগতির অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের অধীনে আনার কাজ চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মালয়েশিয়ার মোবাইল টাওয়ার প্রতিষ্ঠান ইডটকোর বাংলাদেশে কার্যক্রম পরিচালনার একদশক পূর্তি অনুষ্ঠানে কেক কাটার আগে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি।
এসময় ডিজিটাল সংযুক্তির মহাসড়ক নির্মাণে চলমান কর্মসূচি সফল করতে সরকারের পাশাপাশি মোবাইল টাওয়ার প্রতিষ্ঠান ইডটকোসহ বেসরকারি টেলিকম কোম্পানিসমূহের জোরদার ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এছাড়াও ইডটকোতে নিয়োজিত বাংলাদেশি কর্মীদের শতকরা ২৫ ভাগকে বিদেশে কাজ করার সুযোগ দেওয়া হয় জেনে প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোস্তাফা জব্বার।
ফাইভজি বাণিজ্যিকভাবে রোল আউট করার জন্য অবকাঠামো ও স্পেকট্রাম বরাদ্দের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমরা বাণিজ্যিকভাবে ফাইভজি প্রযুক্তি সম্প্রসারণের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছি। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রথমটি যোগাযোগ ও দ্বিতীয়টি হবে আর্থ অবজারভেটরি। ডেটা ভিত্তিক স্যাটালাইট হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট –৩ উৎক্ষেপণের বিষয়েও আমরা কাজ করছি।
অনুষ্ঠানে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোঃ হাশেম, ইডটকো বাংলাদেশের চেয়ারম্যান আদলান তাজুদ্দিন এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপনা পরিচালক সুনীল আইজ্যাক উপস্থিত ছিলেন।





